নতুন প্রজন্মের ব্যাংকগুলোর কার্যক্রম শুরুর বয়স তিন বছরও হয়নি। এরই মধ্যে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে নতুন ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ফারমার্স ব্যাংক। ফলে বের হতে পারছেন খারাপ অবস্থা থেকে। এ ব্যাংকের আর্থিক সূচকের উন্নতি না হওয়ায় এখন থেকে একজন পর্যবেক্ষক সার্বক্ষণিক মনিটরিং করবেন। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেমকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, নিয়োগ দেয়া পর্যবেক্ষক ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া যেকোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তিন কর্মদিবস আগে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে।