দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে টেস্টটি।
বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ডি ভিলিয়ার্স ২০১৪ সালে গ্রায়েম স্মিথের অবসর নেয়ার পর দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেয়ার আকাঙ্খার কথা লুকোননি। যদিও ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানটির পরিবর্তে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা হাশিম আমলাকেই টেস্টের দায়িত্ব দিয়েছিল। তবে ডি ভিলিয়ার্স ওয়ানডেতে অধিনায়কত্ব করছিলেন।
এখন ডি ভিলিয়ার্স তার কাঙ্খিত কাজটি পেয়েছেন। বিশেষ করে গত সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টটির পর আমলার হঠাৎ পদত্যাগের পর। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য ডি ভিলিয়ার্সকে শুধু সিরিজের অবশিষ্ট দুই টেস্টের জন্যই অধিনায়কের দায়িত্ব দেয়।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা খুব শিগগিরই দীর্ঘ মেয়াদে কাউকে টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেনা । কেননা দলটির পরবর্তী টেস্ট সিরিজ আছে আগামী আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিশ্ব র্যাংকিংয়ে টেস্টে তৃতীয় ও ওয়ানডের শীর্ষে থাকা ব্যাটসম্যানটি অত্যন্ত কঠিন সময়ে দলের দায়িত্ব নিচ্ছেন। কেপ টাউনে দ্বিতীয় টেস্টে কঠিন ভাবে ঘুরে দাঁড়ালেও দক্ষিণ আফ্রিকা গত আট ম্যাচ এবং প্রায় এক বছর যাবত কোন টেস্টে জয়ের মুখ দেখেনি।
ইংল্যান্ড বর্তমানে চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এমনকি চলতি সিরিজটি ড্র করতে না পারলে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ স্থান হারাতে হবে প্রোটিয়াদের।