বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
বাল্যবিয়ে প্রতিরোধে সারাদেশে সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে বগুড়ার কাঠমিস্ত্রি আনোয়ার এখন বাসাইলে। বছরের নয় মাস কাটে অন্যের ঘর-বাড়ি তৈরিতে, বাকি তিন মাস তিনি বাল্যবিয়ের কুফল ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে সচেতন করার জন্য সাইকেলে ছোটেন গ্রাম থেকে শহরে।
“হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুল ছাত্রী” এই স্লোগানকে সামনে নিয়ে বাল্যবিয়ের বিরুদ্ধে পুরো দেশকে সচেতন করার যুদ্ধে নেমেছেন বায়ান্ন বছর বয়সী বগুড়া সদর উপজেলার বারোবাকপুর গ্রামের মৃত আব্দুল বারী তালুকদারের ছেলে আনোয়ার তালুকদার। বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন স্লোগান লেখা পরনে লাল রঙের টি-শার্ট, লাল প্যান্ট, লাল ক্যাপ। জাতীয় পতাকা লাগানো, লাল রঙ করা জরাজীর্ণ একটি বাইসাইকেলে চেপে ২০১৫ সালে তিনি টেকনাফ থেকে বাল্যবিয়ের বিরুদ্ধে অভিনব এই প্রচারণায় নেমেছেন, সারা দেশ ঘুরে তেঁতুলিয়ায় গিয়ে শেষ হবে। এ ছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছেও তার লিফলেট পৌঁছে দেন। সোমবার দুপুরে বাসাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রচারণা চলাকালে এ প্রতিনিধির সাথে কথা হয়।
আনোয়ার তালুকদার বলেন, আমার দুই ভাগ্নির বাল্যবিয়ে হয়। তাদের দুর্দশা আমি প্রতিনিয়ত দেখছি। এ পর্যন্ত আমি দেশের ৬৪ জেলার ১৬৩ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ের বিরুদ্ধে আমার কার্যক্রম পরিচালনা করেছি।