ঢাকা থেকে নিখোঁজ জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ীর লাশ কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার আটিপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত একটি ব্রিফকেস পায়। তার ভেতর থেকে ওই ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পারা যায়নি।হত্যার মোটিভও বের করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৫০) গত দুদিন আগে রাজধানীর পূর্ব রায়েরবাগ থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে সোমবার রাতে যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
আটিপাড়া গ্রামের একটি রাস্তার পাশে একটি ব্রিফকেস থেকে দুর্গন্ধ বের হতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে ওই ব্রিফকেস খুলে কম্বল দিয়ে মোড়ানো ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন চাদঁপুর জেলার মতলবপুর উপাদি গ্রামের আবু হানিফের ছেলে। তিনি ঢাকার শান্ত কয়েল কোম্পানির মালিক ছিলেন।
রাতে দাউদকান্দি মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, ‘নিহত ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কালো দাগ রয়েছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।