ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশের অভিযানে অর্ধশতাধিক গ্রেফতার হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
নাটোর: নাটোরে ১২শ ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার রাতে সদরের সুলতানপুর এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট: সোমবার মধ্যরাতে লালমনিরহাট সদর থানার মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের রৌমারী থানার টিএনটিপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মাজহারুল ইসলাম মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে লালমনিরহাট থানা পুলিশ।
পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, তার কাছ থেকে ১ হাজার পিস গোলাপী রঙয়ের মিথাইল এ্যামফিটামিন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মহেশপুর (ঝিনাইদহ): মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর থেকে ফেনসিডিলসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
যাদবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নাজমুল হক জানান, ওই দুই মহিলা বাড়ির পাশে মাটির নিচে ফেনসিডিলগুলো সংরক্ষণের চেষ্টা করছিল। এমন সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): সোমবার রাতে সুন্দরগঞ্জে ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে চার পুলিশ আহত হয়েছে। এ সময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি এসএম আব্দুস সোবহান গ্রেফতারের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছে।
বানারীপাড়া (বরিশাল): সোমবার বিকালে বানারীপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
উপজেলার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় এসআই সুজিত্ কুমার বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করেছেন।
শিবচর (মাদারীপুর): সোমবার রাতে শিবচরে ১শ পিস ইয়াবাসহ সাবেক পৌর কাউন্সিলর ভুট্টো মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই সুমন কুমার আইচ জানান, সরকারি বরহামগঞ্জ কলেজের পিছনে ও সালেহ আদর্শ কিন্ডার গার্টেন এলাকায় সেলিম মাদবরের দোকানের সামনে তল্লাশি চালিয়ে ভুট্টো মোল্লার কাছ থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়।