ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর

ঢাকা-আরিচা মহাসড়কের অবৈধ স্থাপনা অপসারণ শুরু

ঢাকা-আরিচা মহাসড়ক ও পার্শ্ববর্তী রাস্তার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সাটানো ব্যানার-বিলবোর্ড, সাইনবোর্ড, তোরণসহ অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ৩ জানুয়ারি ইত্তেফাকে ‘ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ তোরণ-বিলবোর্ড সরানো হয়নি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের ১০দিনের মাথায় সংশ্লিষ্ট বিভাগ এসব স্থাপনা অপসারণের কাজ শুরু করেছে। 
 
তবে স্পর্শকাতর ও দুর্ঘটনাপ্রবণ উথলী সচিবমোড়, মহাদেবপুর, বানিয়াজুড়ী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বড় আকারের তোরণগুলো এখনও দাঁড়িয়ে আছে।
 
জানা গেছে, পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত লোকবল নিয়ে প্রায় ১৫কি মি দীর্ঘ সড়কের দুই পাশে লাগানো বিপুল সংখ্যক বিলবোর্ড-সাইনবোর্ড খুলে ট্রাকে তুলে নিয়ে যায়। 
 
কর্মকর্তারা জানায়, বড় তোরণ ও অন্যান্য অবৈধ স্থাপনা কেউ স্বেচ্ছায় সরিয়ে না নিলে কর্তৃপক্ষ তা ভেঙ্গে ফেলার ব্যবস্থা নিবে।