সাতক্ষীরার তালা উপজেলা সেটেলমেন্ট অফিসে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় দালালির অভিযোগে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দীন মোড়লকে পিটিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম বন্ধ থাকে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা সেটেলমেন্ট অফিস চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ওই নেতা মোবাইল ফোনে বাড়ি থেকে তার লোকজন ডেকে নিয়ে আসেন। এরপর আরেক দফায় সংঘর্ষে হয়। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেটেলমেন্ট অফিসে পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে মোসলেম উদ্দীনের বিরুদ্ধে সাধারণ মানুষ হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। তিনি একাধিক মামলার অভিযুক্ত আসামি বলে জানা গেছে।
আলাদীপুর গ্রামের মনিরুজ্জামান মোড়ল জানান, বহু আলোচিত মোসলেম সেটেলমেন্ট অফিসের একজন দালাল। এলাকায় দালালি, দখলবাজিসহ নারী কেলেংকারিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বলেন,‘আমার কাছে থেকে দলিল ছিনিয়ে নিয়েছে মোসলেম। এই দলিল ফেরত চাওয়ায় তিনি আমার ওপর চড়া হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা মোসলেমকে গণপিটুনি দিয়েছে।’
তবে মোসলেম উদ্দীন বলেন, 'একটি মহল ষড়যন্ত্র করে আমাকে মারপিট করেছে।'
তালা সেটেলমেন্ট অফিসের সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এ সময় জরুরি কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কায় অফিসের কার্যক্রম এক ঘণ্টা বন্ধ রাখা হয়।'
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'