সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পোল্ট্রি মুরগির বাচ্চা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাণিসম্পদ কোয়েরেন্টাইন স্টেশন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ফলক উন্মোচন করে স্টেশনটির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, ‘ভারত থেকে যেসব পোল্ট্রি মুরগির বাচ্চা আসে মূলত সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোমরা বন্দরে কোয়েরেন্টাইন স্টেশন স্থাপন করা হয়েছে। আমাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য এর গুরুত্ব অনেক। এখনো এই স্টেশনের জন্য জনবল নিয়োগ করা হয়নি, প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ’
এ সময় ভোমরা প্রাণিসম্পদ কোয়েরেন্টাইন স্টেশনে অতি দ্রুত জনবল নিয়োগের আশ্বাস দেন তিনি।
এতে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ডা. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শশাঙ্ক কুমার মন্ডল প্রমুখ।