চাঁপাইনবাবগঞ্জের দুই নারী কাউন্সিলর আটক

রাজশাহীতে শপথ নিতে এসে চাঁপাইনবাবগঞ্জের জামায়াত সমর্থক দুই নারী কাউন্সিল আটক হয়েছেন। এরা হলেন, চাঁপাইনবাগঞ্জ পৌরসভার সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ ওয়ার্ডের নারী কাউন্সিলর আনোয়ারা বেগম পলি এবং শিবগঞ্জের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জিলা খাতুন।
 
বৃহস্পতিবার রাজশাহী শিল্পকলা একাডেমি চত্বর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করেন।  
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিতে রাজশাহীতে আসেন।  তারা সকাল সাড়ে ১০ টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে প্রবেশ করতে থাকেন। এ সময় ওই দুই নারী কাউন্সিলরকে গোয়েন্দা পুলিশ আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সুশান্ত কুমার রায় বলেন, ‘আমরা বিষয়টি জানি না। তবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ তাদের আটক করতেই পারে।’