খুলনা সিটি ল কলেজের শেষ বর্ষের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মশিউর রহমান (২৮) নগরীর গগনবাবু রোডের শাহ আলমের ছেলে।
বৃহস্পতিবার নগরীর সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের সামনের ড্রেনের ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবার করা মামলায় আজাদ মল্লিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
নিহতের পরিবার ও র্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মশিউরের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। ৫ জানুয়ারি বিকালে মশিউর নগরী থেকে অপহৃত হন। এরপর আজাদ মল্লিক নামে একজন মোবাইল ফোনে মশিউরের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটিনাটি পরিবারের সদস্যরা র্যাবকে জানায়। র্যাব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার রাত আটটার দিকে নগরী থেকে আজাদ মল্লিককে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয়দের খবরে নগরীর সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের সামনের ড্রেন থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তার মুখ থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বাবা আজাদ মল্লিকসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছে।