‘বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের গণতন্ত্র ও আইনের শাসন বন্ধ করে দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।’ বৃহস্পতিবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এ কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি পাকিস্তানের আদালত অবিচার করেছে। তারপরও তিনি সেই আদালতের প্রতি কোনোদিন অশ্রদ্ধা করেননি। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা ছিল বলেই দেশ স্বাধীন হবার পর অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের সুন্দর একটি সংবিধান তৈরি করে দিয়েছেন। সংবিধান অনুযায়ী দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। ’
তিনি আরো বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই গণতন্ত্র এবং আইনের শাসন বন্ধ করে দেয়া হয়েছিল। যে কারণে ২১ বছর বঙ্গবন্ধু হত্যার এজাহার পর্যন্ত করা হয়নি।’
জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বক্তব্য রাখেন।
অন্যান্যর মধ্যে জামালপুর-৫ আসনের এমপি সাবেক ভূমি প্রতিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, কেন্দ্রীয় বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।