ঘুড়ি উৎসব মুখরিত পুরান ঢাকা

বৃহস্পতিবার দিনটি পুরান ঢাকার জন্য একটি ঐতিহ্যবাহী দিন। পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের শুরুর এ দিনটিতে আগুন নিয়ে খেলা ও আতশবাজীর মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম প্রহর।
 
এদিন সকাল থেকে গান বাজনার তালে তালে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা। ছোট-বড় সবার অংশগ্রহণে মুখরিত হয়েছে প্রতিটি বাড়ির ছাদ, চলেছে ঘুড়ির সাম্যবাদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে উৎসবের মুখরতা। বেড়েছে আকাশে ঘুড়ির সংখ্যাও। এছাড়া সন্ধ্যায়  বাড়ির ছাদে ছাদে বর্ণিল সাজে আতজবাজি ফোটানো হয় ।
 
এদিনে পুরান ঢাকার শাঁখারি বাজার, রায়সাহেব বাজার, বংশাল, সূত্রাপুর, বাংলাবাজার, সদরঘাট এলাকার মানুষ সারাদিন ঘুড়ি ওড়ান। আয়োজন করা হয় পুরান ঢাকার নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের। এদিনটিতে পুরান ঢাকার আকাশে শোভা পায় নানা রং আর বাহারি আকৃতির ঘুড়ি। এছাড়াও আগুন নিয়ে খেলা, আতশবাজী ফোটানো এ উৎসবের অন্যতম অনুষঙ্গ। তবে সকালের তুলনায় বিকেলে এ উৎসব বেশি মুখরিত হয়।