শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু

সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৯টায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।  এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
 
এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ৯ শতাধিক যাত্রী নিয়ে ১২টি ফেরি নোঙর করে রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি সকালে জানান, রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া বাতি দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়।  এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ১২টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।  কুয়াশা কেটে গেলে সকাল ৯টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।