ভেনিজুয়েলা ইস্যুতে রাশিয়া ও কিউবার সমালোচনা যুক্তরাষ্ট্রের

এএফপি, সিএনএন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনিজুয়েলার সংকট ঘনীভূত করার জন্য কিউবা ও রাশিয়ার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ দুটি ব্যাপক সমর্থন দেওয়ায় এ সংকট আরও তীব্র হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংকালে পম্পেও এসব কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট মাদুরো ভেনিজুয়েলা-বাসীদের জন্য উন্নত জীবন ও সমাজতান্ত্রিক স্বর্গের প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটি এখন সেই আদর্শেই পথ চলছে। কিন্তু এ মতবাদটি এখন অচল হয়ে গেছে। এটি যে দেশে দেশে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তা প্রমাণিত। তিনি ভেনিজুয়েলায় বিদ্যুত্ সংকটের জন্য তাদের প্রতি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, মাদুরোর বিরুদ্ধে নতুন করে কোনো পদক্ষেপের ঘোষণা দেননি অথবা বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর পক্ষেও কিছু বলেননি। বিশ্বের ৫০টিরও বেশি দেশ গুয়াইদোকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। পম্পেও ‘ভেনিজুয়েলার জনগণের ও তাদের গণতান্ত্রিক স্বপ্নকে নস্যাত্ করতে কিউবা ও রাশিয়া বড় ধরনের ভূমিকা রাখছে’ বলে দেশ দু’টির কঠোর সমালোচনা করেন। তিনি কিউবাকে ভেনিজুয়েলার ‘বাস্তবিক সাম্রাজ্যবাদী শক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ‘মাদুরো ও তার আশপাশের সহকারীদের দেওয়া কিউবার রাজনৈতিক সমর্থনের’ তীব্র নিন্দা জানিয়েছেন।

পম্পেও বলেন, রাশিয়াও ভেনিজুয়েলায় সমস্যা সৃষ্টি করেছে। তারা দেশটির সরকারকে অস্ত্র সরবরাহসহ নানাভাবে সহায়তা করেছে। এ অবস্থা চলতে থাকলে দেশটির সংকট যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। তিনি বলেন, সংকট সমাধান করতে হলে অবশ্যই দেশ দুটিকে তাদের নাক গলানো বন্ধ করতে হবে।