রাজশাহী বিভাগের জেলাগুলো নিয়ে ছেলে এবং মেয়েদের আলাদা করে ম্যারাথন আয়োজনের ঘোষণা দিয়েছেন রাজশাহী সদর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রাজশাহী বিভাগে ১৫ জানুয়ারি শুক্রবার তেরখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সাড়ে দশ কিলোমিটার ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এমপি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে ছেলেমেয়েরা নিজেকে গড়ে তোলার সুযোগ পায়। তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। সে জন্যই আগামী মার্চ মাসে তিনি সহস্রাধিক ছেলেমেয়েদেরকে নিয়ে পৃথক ম্যারাথন আয়োজন করার কথা ঘোষণা দেন।
এদিন ভোরের আলো না ফুঁটতেই রাজশাহী বিভাগের নীলসাগর গ্রুপ রাজশাহী মিনি স্কাই ম্যারাথনের রানারদের পদচারণায় ধীরে ধীরে তেরখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গণ ভরে উঠেছিল। রেজিস্ট্রেশন শেষে সকাল আটটায় শুরু হওয়া এই ম্যারাথনে প্রায় আড়াইশ প্রতিযোগী অংশ নেন। তেরখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ম্যারাথন উদ্বোধন করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। এরপর প্রতিযোগিরা সিটি হাট, লিলি হল, কোর্ট স্টেশন, সিটি বাইপাস মোড়, বন্ধ গেট হয়ে ফের স্টেডিয়ামে এসে প্রতিযোগিতা শেষ করেন।
IMG0
এই ম্যারাথনে ৪৩ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন মো. রমিজ বিশ্বাস। এর পরের ন’টি স্থান ছিনিয়ে নেন যথাক্রমে মো. আহসান হাবিব, মো. উসমান গনি, আমির হোসেইন, মো. আজিজুল ইসলাম, মো, বনী ইসলাম, মো. মেহেদি হাসান, মো. আকবর হোসেন রাকিন, মো. দেলোয়ার হোসেন এবং মো. হাসিবুল ইসলাম। এদের মধ্যে প্রথম তিনজন ট্রফি এবং সবাই মেডেল ও সনদ লাভ করেন।
এ ছাড়াও মেয়েদের মধ্য থেকে মীম তাসমিম এবং সামিয়া তাবাসসুম ম্যারাথন শেষ করেন। এই বারোজন আগামী ২৩ জানুয়ারি বান্দরবানে অনুষ্ঠিতব্য নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে অংশ নেয়ার সুযোগ লাভ করেন।
সকাল সাড়ে ন'টায় তেরখাদিয়া স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং রাজশাহীর কৃতি ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। তিনি সবাইকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে ছেলেমেয়েরা যখন ছোটো ছোটো সাফল্য পায়, সেটা তাদেরকে দেশের জন্য বড় কৃতিত্ব অর্জনের পথে এক ধাপ এগিয়ে দেয়। তিনি আগামী ম্যারাথনগুলোতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আবদুল হামিদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. মনিরুজ্জামান মনি এবং জামাত খান উপস্থিত ছিলেন। তারা বলেন শিক্ষা বিভাগ রাজশাহী এখন খেলাধুলার ছোঁয়ায় বদলে যাচ্ছে। ক্রীড়ার বিভিন্ন খাতে জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগের সাফল্য ঈর্ষণীয়। ম্যারাথনেও রাজশাহীর সাফল্য তারা কামনা করেন এবং নীলসাগর গ্রুপ রাজশাহী মিনি স্কাই ম্যারাথন সফল করে তোলার জন্য এভারেস্ট একাডেমি ও এ ফর অ্যাডভেঞ্চারকে ধন্যবাদ জানান।
IMG1
দেশের স্বনামধন্য অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চারের আয়োজনে এই স্কাই ম্যারাথনে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে রয়েছে নীলসাগর গ্রুপ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এই ম্যারাথনে সহযোগিতা করছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
এ ছাড়াও রাজশাহী মিনি ম্যারাথন আয়োজনে সহায়তা করছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, এসএটিভি এবং যুগান্তর স্বজন সমাবেশ। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দৈনিক ইত্তেফাক এবং অনলাইন পার্টনার হিসাবে রয়েছে পরিবর্তন ডট কম।
এই স্কাই ম্যারাথন ইভেন্টে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে থাকছে দি বাংলাদেশ মনিটর, মেকার, শিশুকিশোর মাসিক ম্যাগাজিন টইটম্বুর এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করছে টপ অব দি ওয়ার্ল্ড।