বিরামপুরের ৭ অপহরণকারী দিনাজপুর কারাগারে

দিনাজপুরের বিরামপুর উপজেলার মাদরাসা ছাত্রীকে অপহরণকালে গ্রেফতার সাতজনকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়।  
 
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১১ টায় পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার বিজুল গ্রামের ওই মাদরাসা ছাত্রী (১৬) বাড়ি থেকে বিরামপুর কোচিং সেন্টারে যাচ্ছিল।  এ সময় একই এলাকার ফারুক হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে বিজুল হাইস্কুলের কাছ থেকে জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।  এ ঘটনা থানায় জানালে পুলিশ ফোর্স তাদের পিছু নেয়।  পিছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা দিক পরিবর্তন করতে থাকে। এক সময় উপজেলার পুটিমারা ইউনিয়নের পরানদিঘি গ্রামে রাস্তার শেষ মাথায় গ্রামবাসীর হাতে আটক হন তারা। এ সময় জনতা তাদের গণধোলাই দেয়। ঘটনাস্থলের কাছাকাছি নবাবগঞ্জ থানা পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে অপহরণকারীদের উদ্ধার করে।  এবং তাদের আটক করে থানায় নিয়ে যায়।  এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ। পরে দিনাজপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।