কালাইয়ে খুরা রোগের প্রাদুর্ভাব, দুশ্চিন্তায় কৃষক

জয়পুরহাটের কালাই উপজেলায় গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে গত সাতদিনে উপজেলার দুটি গ্রামের ১৬ টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরো অন্তত ২৭ টি গরু। এ নিয়ে দুশ্চিনায় পড়েছেন হত দরিদ্র কৃষকরা।
 
সরেজমিন জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম মালটিয়াসহ আশপাশের বিভিন্ন গ্রামে হঠাৎ করেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাতদিনে শুধুমাত্র মাল্টিয়া গ্রামেই মারা গেছে ১১ টি গরু। এ ছাড়া পার্শ্ববর্তী ছোতরপাড়া গ্রামেও মারা গেছে আরো পাঁচটি। এরই মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে খুরা রোগের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।
 
মালটিয়া গ্রামের ইউপি সদস্য নরুল ইসলাম বলেন, ‘চলতি সপ্তাহে মাল্টিয়া ও পার্শ্ববর্তী ছোতরপাড়া গ্রামে এ রোগে আক্রান্ত হয়ে ১৬ টি গরু মারা গেছে। এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। যে কারণে দরিদ্র কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। অথচ এ পর্যন্ত উপজেলা প্রাণী সম্পদ অফিস এ বিষয়ে কোন চিকিৎসা দেয়া দূরের কথা খোঁজ খবরও নেয়নি।
 
কালাই উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভ্যাটেরিনারী সার্জন (ভিএস) মনিরুজ্জামান বলেন, ‘মাল্টটিয়া গ্রামে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এ খবর আমাদের অজানা। তবে দ্রুততার সঙ্গে বিষয়টির খোঁজ নিয়ে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’