ব্রাজিলে বন্যায় ১২ জনের মৃত্যু

রয়টার্স, এএফপি

ব্রাজিলের বাণিজ্যিক নগরী সাও পাওলোতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু ও ছয়জন আহত হয়েছে। সোমবার দেশটির দমকল কর্মীরা এ কথা জানান।

দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ রিবেরাও পিরেস শহরে এই প্রাকৃতিক দুর্যোগে একই পরিবারের চার সদস্য মারা গেছে ও আরো দুইজন আহত হয়েছে। মধ্য রাতের দিকে একটি বাড়ি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এম্বু ডাস আর্টেসে অপর এক ভূমিধসের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, সাও কাইতানো ডু সুলে পানিতে ডুবে তিনজন, সাও পাউলোতে একজন, পার্শ্ববর্তী সান্তো আন্দ্রেতে দুইজন ও বাণিজ্যিক নগরী সাও বার্নার্ডো ডো কাম্পোতে একজন মারা গেছে। দমকল কর্মীরা সাও পাওলোতে কাদামাটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। ব্রাজিলের সবচেয়ে বড় ও বাণিজ্যিক নগরীটিতে ২ কোটির বেশি মানুষের বাস। সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর কোনো কোনো স্থানে ভূমিধসের সৃষ্টি হয়েছে। গভর্নর জোয়াও দোরিয়া বাসিন্দাদের তাদের যথাসম্ভব বাড়িতে অবস্থান করতে বলেছেন।

সাও পাওলো রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পাঁচজন ডুবে মারা গেছেন, বাকিরা অন্তত একজন শিশুসহ ভূমিধসে জীবন্ত চাপা পড়ে মারা গেছেন। বন্যার কারণে সাও পাওলো শহরে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। কম্যুটার ট্রেনগুলোর সার্ভিস আংশিক বন্ধ রয়েছে। বাস ও গাড়িগুলো বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলোতে আটকা পড়ে আছে। আবহওয়ার পূর্বাভাসে অন্তত আরও দুই দিন বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।