গ্যাসোলিন ইঞ্জিন কার উত্পাদনে বিনিয়োগ আগ্রহী জাপান

 

 ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে গ্যাসোলিন ইঞ্জিন কার ম্যানুফ্যাকচারিং শিল্পে যৌথ অংশীদারিত্বে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান। এছাড়া, ইলেক্ট্রনিক হোম অ্যাপ্লায়েন্স (বৈদ্যুতিক গৃহস্থালি সরঞ্জাম) শিল্পেও এ দেশে বিনিয়োগের চমত্কার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসিও ইজুমি গতকাল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। শিল্প মন্ত্রণালয়ে এ সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রেতাদের মধ্যে টয়োটাসহ জাপানি ব্র্যান্ডের গাড়ির প্রতি এক ধরনের আস্থা রয়েছে। জাপানের হোন্ডা কোম্পানি ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসইসি’র সাথে যৌথ বিনিয়োগে হোন্ডা মোটর সাইকেল উত্পাদনের কারখানা গড়ে তুলেছে। তিনি গ্যাসোলিন ইঞ্জিন কারসহ জাপানি ব্র্যান্ডের মোটর গাড়ি, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, চামড়াজাত পণ্য ও কাগজ শিল্পে বিনিয়োগে এগিয়ে আসতে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। 

অন্যদিকে বাংলাদেশের একটি মেগা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ইন্ডাষ্ট্রি গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স। এছাড়া, প্রতিষ্ঠানটি পেট্রো কেমিক্যাল, চিনিসহ অন্যান্য সম্ভাবনাময় শিল্পখাতেও বিনিয়োগ করবে। সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ এন. হিজি এর নেতৃত্বে সৌদি আরবের এক ব্যবসায়িক প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সাথে বৈঠককালে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্সের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে আরও বিরাট অংকের সৌদি বিনিয়োগ আসবে। তিনি ছাতকে সৌদি-বাংলাদেশ মৈত্রী সিমেন্ট কোম্পানি লিমিটেড কারখানা এবং জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি (জেমকো) এর উত্পাদন ক্ষমতা বৃদ্ধি ও পণ্য বৈচিত্র্যকরণে গৃহিত বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা কামনা করেন।