শিশু অন্তর হত্যার আসামিকে আটকের দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের চাঞ্চল্যকর শিশু অন্তর হত্যার প্রধান আসামি সবুজকে আটকে দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার সহপাঠিরা।  শনিবার বেলা ১২ টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজরের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন।  এতে বক্তব্য রাখেন, অন্তরের বাবা কাফিরুল ইসলামসহ অন্যান্যরা।
 
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'হত্যার ৩৬ দিন পার হলেও শিশু অন্তর হত্যার প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের আটক করতে পারেনি পুলিশ। হত্যার পরদিন এলাকাবাসী সবুজকে আটকের জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল।  পুলিশও খুনিদের অবিলম্বে আটক করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলেও তা এখনও সম্ভব হয়নি।  খুনি সবুজসহ মামলার অন্যান্য আসামিরা পালাতক রয়েছে। '
 
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর সন্ধ্যায় বাওট গ্রামের সৌদী প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে শিশু অন্তরকে একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সবুজ অপহরণ করে নিয়ে নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করে।