ক্রয়কারী সংস্থার প্রতিনিধি
ও দরপত্র দাতাদের মত
ইত্তেফাক রিপোর্ট
সরকারি কেনাকাটায় জনগণের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে জেলা ভিত্তিক গঠিত গভর্নমেন্ট-টেন্ডারার ফোরাম (জিটিএফ) টেকসই ভূমিকা রাখবে বলে সম্প্রতি এক কর্মশালায় মত দিয়ে বক্তারা এর প্রাতিষ্ঠানিকতার উপর জোর দেন। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটের বিভিন্ন ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের প্রতিনিধিদের জন্য একদিনের জিটিএফ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-র অতিরিক্ত সচিব মো. আলী নূর।
সিলেটের বিভাগীয় কমিশনার (ইনচার্জ) মৃণাল কান্তি দেব, বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ এবং ডিজিটাইজিং বাস্তবায়ন মনিটরিং ও পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপিপি) এর টাস্ক টিম লিডার ড. জাফরুল ইসলাম, সিপিটিইউ, আইএমইডি এর পরিচালক (প্রশিক্ষণ ও সমন্বয়), শীষ হায়দার চৌধুরী এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম তার কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন।
জিটিএফ টেকসই করতে এবং ৬৪ জেলায় ৬৪টি জিটিএফ এর কেন্দ্রীয় একটি শীর্ষ সংগঠন তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে।