অসহায়, দুস্থ ও ভূমিহীনদের পুর্নবাসনের লক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা (ভুমি) প্রশাসনের উদ্যোগে ৪৮জন পরিবারকে খাস জমি বন্দোবস্তসহ কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মাদ ফারুক খান এম পি এসব ভূমিহীন পরিবারের মাঝে খাস জমি বন্দোবস্তের দখল ও কবুলিয়ত দলিল হস্তান্তর করেন।
কাশিয়ানী উপজেলা ( ভুমি) অফিস সুত্রে জানা গেছে, গত ২০১৪-১৫ অর্থ বছরে উপজেলার উড়াকান্দি ইউনিয়নের খাগড়া বাড়িয়া আশ্রায়ণ প্রকল্পে ২৮ জন, কাশিয়ানী ইউনিয়নের বরাশুর আদর্শ গ্রামে ৪ জন, রাতইল ইউনিয়নে ১৪ জন ও মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামে ২জনসহ মোট ৪৮টি ভূমিহীন পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে। তারা বন্দোবস্তকৃত ভূমিতে ভোগ দখলে রয়েছেন।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. কামরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'বর্তমান সরকার ভূমিহীন ও দুস্থদের মধ্যে খাস জমি প্রদান করে তাদের বাসস্থান নিশ্চিত করার উদ্যোগটি ডিজিট্যাল বাংলাদেশ গড়ার অন্যতম একটি অংশ। সম্প্রতি উপজেলার ৪৮টি পরিবারকে পুর্নাসিত করা হয়েছে। '
এ বিষয়টি চলমান রয়েছে তিনি আরও জানান, উপজেলায় খাস জমি থাকতে কোনো ভূমিহীন পরিবার বঞ্চিত থাকবে না।