কারাবন্দীরাও এখন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। শনিবার এক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির।
২০-২৬ জানুয়ারি কারা-সপ্তাহ পালন করবে কারা অধিদপ্তর। শনিবার এ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, কারাবন্দীরা মোবাইলে পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে পারবেন। এজন্য কারাগারে ঢোকার সময় কারা কর্তৃপক্ষকে পরিবারের দুটি মোবাইল ফোন নম্বর দিতে হবে।
তবে পরিবার থেকে বা বাইরে থেকে কারাগারের নম্বরে কেউ ফোন দিতে পারবেন না। তবে এসএমএস করতে পারবে, এসএমএসের তথ্য কারাবন্দীর কাছে পৌঁছানো হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বন্দীদের সবকটি কলই রেকর্ড করা হবে। পরবর্তীতে সেই কথাগুলো বিশ্লেষণ করা হবে।
তিনি জানান, কারাগার আধুনিকায়নে নতুন পদ সৃষ্টি, নতুন কারাগার তৈরি, মনোবিজ্ঞানী নিয়োগসহ নেয়া হয়েছে আরও বেশ কিছু পদক্ষেপ।