লক্ষ্মীপুরের রামগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি ইয়াছিনকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে চট্টগ্রামের ফয়েজ লেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করপাড়া ইউনিয়নের বাটিয়ালপুর বোয়াড়ার ব্রিজ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ইয়াছিন চাটখিল উপজেরার শাহাপুর গ্রামের গোলাম মোস্তফা মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, ইয়াছিন চাঁদার দাবিতে ২০১৫ সালের ৪এপ্রিল রামগঞ্জ উপজেলার পূর্ব করপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে সিএনজি চালক সোহেলকে (২৮) জবাই করে হত্যা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোঁতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১টি হত্যা, ৩টি অস্ত্র, ২টি ডাকাতি ও পুলিশের ওপর হামলাসহ ৮টি মামলা রয়েছে।