কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বিএনপি নেতা মোর্শারফ হোসেন গুলিবিদ্ধ হন। এছাড়া বিএনপি নেতা বকুল গুরুতর আহত হন।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলা বিএনপির কমিটি থেকে নেতা-কর্মীদের পদত্যাগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির পাঁচ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের বাড়িতে গেলে দুর্বৃত্তরা ওই বাড়ি ঘেরাও এবং নেতা-কর্মীদের অবরুদ্ধ করে তাদের উপর আক্রমণ চালায়। এ সময় তারা গুলি ও বোমার বিস্ফোরণ ঘটায়। গুলিবিদ্ধ মোর্শারফ কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত বকুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া তারা হামলা চালিয়ে দলীয় অফিস ও গাড়ি ভাঙচুর করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পৌর নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থীর পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়াকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।’
ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।