নতুন বেতন কাঠামোকে বৈষম্যমূলক অভিহিত করে ছয় দফা দাবি আদায়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকরা কর্মবিরতি পালন করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত তারা হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করেন। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিস ধারীরা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ব্যানারে পৃথক পৃথক স্থানে কর্মবিরতি পালন করেন।
চিকিত্সকদের কর্মবিরতির ফলে হাসপাতালের বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিত্সাধীন রোগীদের ধর্মঘটের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে।
কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটির সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মাকসেমুল হকসহ চিকিত্সকবৃন্দ।
বিএম কলেজে
মানববন্ধন বিক্ষোভ
অনার্স প্রথম বর্ষের ১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিন সংশোধনের দাবিতে গতকাল সরকারি বিএম কলেজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছাত্ররা জানান, পরীক্ষার রুটিন শিগগিরই পিছিয়ে দিতে হবে। তা না হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া সম্ভব হবে না। পূজার দিনেও পরীক্ষা নির্ধারণ করা হয়েছে যা কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়। শিক্ষার্থীরা জানান, দাবি মানা না হলে প্রয়োজনে তারা পরীক্ষা বয়কট করবেন। মানববন্ধন শেষে তাদের বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শিবির কর্মী সন্দেহে দুই
ছাত্রকে পিটিয়ে জখম
শিবির কর্মী সন্দেহে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দুই ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। গত শুক্রবার ছাত্রাবাসে এই ঘটনার পর তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। সাধারণ শিক্ষার্থীদের কাছে স্বাধীনতা ও সরকার বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দের কথা জানান মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইমরান হোসেন। আটক দুই শিবির কর্মীর কাছ থেকে সরকার বিরোধী বই, লিফলেট, দাওয়াত কার্ড ও শিবিরের বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
অভিযুক্ত দুই ছাত্র হল মেডিক্যাল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের (ফাইনাল ইয়ার) পরীক্ষার্থী ইমতিয়াজ টুটুল ও বিডিএস (ডেন্টাল) প্রথম ব্যাচের ছাত্র শাহীন।