বিকেলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
 
সাফল্যময় ২০১৫ সালটি বাংলাদেশ শেষ করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে। ওই সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতলেও পরের ম্যাচে স্প্রিং বকদের কাছে হেরে যায়। ফলে সিরিজ ড্র হয়।
 
২০১৬ সালের শুরুটাও জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে হয়েছে বাংলাদেশের। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে আজ চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার দল। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে ৪ উইকেটে। পয়মন্ত ভেন্যু খুলনা বলে আজও দারুণ কিছুর প্রত্যাশায় থাকতে পারে টাইগার সমর্থকরা।
 
অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটিকে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ তাদের খেলোয়াড়দের যাচাই-বাচাই করার সুযোগ পাচ্ছে এই সিরিজে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের অভিষেকের ফলে তারাও নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছে। গত ম্যাচেই অভিষেক হয়েছে শুভাগত হোম ও নুরুল হাসান সোহানের।
উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘মার্সেল’।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
 
১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. মাহমুদউল্লাহ রিয়াদ, ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ৫. সাকিব আল হাসান, ৬. সাব্বির রহমান, ৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ৮. মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), ৯. শুভাগত হোম, ১০. মুস্তাফিজুর রহমান ও ১১. আল-আমিন হোসেন।
 
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ :
 
১.    ভুসি সিবান্দা, ২. হ্যামিল্টন মাসাকাদজা, ৩. পিটার মুর (উইকেটরক্ষক), ৪. শন উইলিয়ামস, ৫. ম্যালকম ওয়ালার, ৬. সিকান্দার রাজা, ৭. এল্টন চিগুম্বুরা, ৮. লুক জংওয়ে, ৯. গ্রায়েম ক্রেমার, ১০.ব্রিয়ান ভিটোরি ও ১১. ওয়েলিংটন মাসাকাদজা।