উখিয়ায় ৩ রোহিঙ্গা ডাকাত গুলিবিদ্ধ

উখিয়ার জঙ্গলে ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ৩ রোহিঙ্গা ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত ১১টায় টিভি রিলে কেন্দ্র এলাকার জঙ্গলে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
 
জানা গেছে, টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের চিহ্নিত ডাকাতদলের মধ্যে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গুলি বিনিময়ের ঘটনায় ৩জন রোহিঙ্গা ডাকাত গুলিবিদ্ধ হন।  
 
আহতরা হচ্ছেন- কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের রেজিষ্টার্ড রোহিঙ্গা ডা. নজিরের ছেলে আবুল কালাম (৪২), গনু মিয়ার ছেলে আলী আহমদ (৪৫) ও ওমর হামজা (৪৪)।  
 
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম ও ওমর হামজাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 
 
কুতুপালং ক্যাম্প কমিটির সদস্য আবুল শামা ও নুরুল ইসলাম জানিয়েছেন, টেকনাফের নয়াপাড়া ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের চিহ্নিত একাধিক ডাকাত দলের সদস্যদের মধ্যে লুন্টিত মালামাল ও টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গুলি বিনিময়ের ঘটনাটি ঘটেছে। 
 
রবিবার সকালে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা ওই ডাকাত দলের সদস্যদের আটক করে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালে ক্যাম্প ইনচার্জ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন। 
 
কুতুপালং শরণার্থী ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হক  গোলাগুলিতে ৩ জন রোহিঙ্গা আহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, 'রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবস্থান করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'