আইপিএল নিলাম থেকে নাম প্রত্যাহার মঈন আলীর

আগামী মাসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। সাবেক অধিনায়ক ও ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) ডিরেক্টর এন্ড্রু স্ট্রসের সঙ্গে আলোচনার পর নাম প্রত্যাহার করেন আলী। সূত্র- বাসস।
 
ইএসপিএন ক্রিকইনফো’তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী স্ট্রসের সঙ্গে আলী যোগাযোগ করেন এবং আগামী ২১ জানুয়ারি নিলামে অন্তর্ভুক্তির শেষ তারিখ হওয়ায় তার প্রতিনিধি এ নিলামে অংশ গ্রহণ নিয়ে আলোচনা করেন।
 
নিলামে অংশ নেয়া না নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আলীকেই নিতে হবে, স্ট্রস এমন কথা বলেছেন বলে জানা গেছে। তবে দেড় মাসের বেশি সময়ব্যাপী আইপিএল টুর্নামেন্টের বিরামহীন সূচির বিষয়েও আলীকে সতর্ক থাকতে হবে বলেও স্মরণ করে দিয়েছেন স্ট্রস।
 
এ বছর ইংল্যান্ডের সামনে ১৭ টেস্ট এবং আইসিসি টি-২০ বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে চাওয়া আলী স্ট্রসের সঙ্গে কথা বলার পর অর্থ সমৃদ্ধ এ টুর্নামেন্টের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।