তেলে মিশিয়ে কোকেন: আমদানিকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রামে তেলের সঙ্গে মিশ্রণ করে কোকেন আনার ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পুলিশকে তিনদিনের রিমান্ড নেয়ার অনুমতি দিয়েছে।
 
রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে এ আদেশ দেন।
 
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিকিউশন) নির্মলেন্দু বিকাশ জানান, ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর মোহাম্মদকে তিনদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
 
উল্লেখ্য, বলিভিয়া থেকে আমদানি করা কোকেন মিশ্রিত সূর্যমুখী ভোজ্যতেলবাহী কনটেইনারটি জাহাজীকরণ হয় উরুগুয়ের মন্টেভিডিও বন্দর থেকে। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে গত বছরের ১২ মে কনটেইনারটি এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। এ ঘটনায় ওই বছরের ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় নুর মোহাম্মদ ও তার প্রতিষ্ঠানের কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদক আইনে একটি মামলা করে পুলিশ।