ময়নাতদন্ত শেষ, নিহত ৫ জনের লাশ হস্তান্তর

নারায়ণগঞ্জে খুন হওয়া একই পরিবারের পাঁচজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
 
শনিবার কোনো এক সময় খুন হন তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)। প্রবাসী ইসমাইল হোসেনের পাঁচতলা বাড়ির নিচতলার পূর্ব দিকের ফ্ল্যাটে ভাড়া থাকত তাসলিমা ও তার স্বামী শফিকুল ইসলামের পরিবার।
 
শফিকুলের কাছে তাসলিমা, শান্ত, সুমাইয়া ও মোরশেদের লাশ হস্তান্তর করা হয়। এই চারজনের লাশ নারায়ণগঞ্জে দাফন করা হবে বলে জানা গেছে। নিহত তাসলিমা ও মোরশেদুলের মাও এখন নারায়ণগঞ্জে অবস্থান করছেন। আর লামিয়ার লাশ তার স্বামী শরীফ মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে ময়মনসিংহের নান্দাইলে দাফন করা হবে।
IMG0
ময়নাতদন্তের পর পুলিশের একজন কর্মকর্তা বলেন, পাঁচজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাদের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এ কারণে রক্তপাতের ঘটনা ঘটেছে।