ফুলগাজীতে স্কুলছাত্রীকে গণধর্ষণে জড়িতদের শাস্তি দাবি

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে এক স্কুলছাত্রীকে অপহরণ ও গণধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
 
রবিবার স্কুলের সামনে তারা এ মানববন্ধন রচনা করে। এতে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
 
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফুলগাজী উপজেলার ফেনাপুষ্করিনী গ্রামের জমিদার মিয়ার ছেলে আবুল বশর, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের চবু মিয়ার বলির ছেলে ছোট্টু মিয়াসহ অন্যরা মাইক্রোবাসে ওই ছাত্রীকে তুলে এনে ছাগলনাইয়া পৌরসভার জমদ্দার বাজারের পাটোয়ারী প্লাজায় নার্গিসের কথিত থেরাপি সেন্টারে নিয়ে আসে। এরপর ওই ছাত্রীর মায়ের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এভাবে ২০ দিন ধরে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মহিপাল কেন্দ্রীয় মসজিদের পাশে অচেতন অবস্থায় গত ২ জানুয়ারি ওই স্কুলছাত্রীকে ফেলে যায় দুর্বৃত্তরা।