সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ ৫ ঘণ্টা পর চালু

সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ স্টেশনে আসার পথে পাহাড়ি এলাকার ১৫৭ নম্বর এলাকায় রেল সেতুর নিচের মাটি সরে যায়। এতে একটি সেতুর গার্ডার ফেটে গেলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

ফলে সিলেট অভিমুখী আন্তনগর পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও আখাউড়া থেকে সিলেটগামী একটি ডেমু ট্রেন। মেরামত কাজ শেষে আটকা পড়া পাহাড়িকা এক্সপ্রেস রাত ৮টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ছেড়ে আসে।

রেলসূত্রে জানা যায়, ঘটনার পরপরই ভানুগাছ স্টেশনের মাস্টার আফজাল হোসেন জানিয়েছিলেন, পাহাড় ধসে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। গণপূর্ত (রেল)-এর জ্যেষ্ঠ প্রকৌশলী পীযূষ কান্তি দে সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনার পর লোকজন নিয়ে মেরামত কাজ শুরু করা হয়। মেরামত কাজ শেষে মালবাহী ট্রেনের তিনটি খালি বগিসহ একটি ইঞ্জিন পারাপার করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে খুবই ধীর গতিতে পাহাড়িকা এক্সপ্রেস সেতুটি পার হয়।