গাংনীতে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে পিরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হাড়াভাঙা মাদ্রাসার মোড়ে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে আটক করে।
আটকরা হলেন- কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার ইশ্বরদী উত্তরপাড়া এলাকার বাবুল রায়ের ছেলে তন্ময় রায় (২৫) ও একই উপজেলার একতারপুর পশ্চিমপাড়া এলাকার রিয়াজ উদ্দীন শেখের ছেলে সুজন (২০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে দুই মাদক ব্যবসায়ী বামুন্দীর দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হাড়াভাঙা মাদ্রাসার মোড় এলাকায় অবস্থান নেয়। এ পথ দিয়ে যাওয়ার সময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।