ভূমিকম্প-দুর্যোগ মোকাবেলায় তৈরি হওয়ার আহ্বান

ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় পারিবারিক পর্যায় থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সোমবার রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প মোকাবেলা বিষয়ক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
 
উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে অন্তত ৩০০ জন করে স্বেচ্ছাসেবক তৈরি করা হবে জানিয়ে মেয়র বলেন, স্কুল-কলেজগুলোতেও সেমিনার-কর্মশালার আয়োজন করতে হবে। সবাইকে প্রস্তুত করতে হবে।
 
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাড়ে সাতশ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরেশন দুর্যোগ মোকাবেলার সরঞ্জাম কিনতে এই অর্থ কাজে লাগাবে।
 
কর্মশালায় ফায়ার সার্ভিসের পরিচালক মেজর জেনারেল শাকিল নেওয়াজ বলেন, ঢাকা শহরের ৩৫ শতাংশ মাটি শক্ত যেখানে নির্মিত ভবনগুলো কিছুটা ভূমিকম্প সহনশীল। বাকি ৬৫ শতাংশ অঞ্চলই ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে। ঢাকায় জলাশয়গুলো ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। বিল্ডিংগুলোর কারণে সড়ক সংকীর্ণ হয়ে গেছে। এছাড়া অনেক ভবন রয়েছে যাতে বিল্ডিং কোড মানা হয়নি। এ সব অনিয়ম ভূমিকম্পের ক্ষতির ঝুঁকি আরো বাড়িয়ে তুলেছে।
 
দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যেই ৩০ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে জানিয়েই তিনি বলেন, প্রশিক্ষণের পর তাদের দেখভালের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে জরুরি মুহূর্তে তাদের সহযোগিতা পাওয়া কঠিন হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের শিক্ষক মাকসুদ কামাল বলেন, এ অঞ্চলে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। তাই অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
 
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিসের ঊর্ধতন কর্মকর্তা ও সিটি কাউন্সিলররা কর্মশালায় উপস্থিত ছিলেন।