ঘোড়াঘাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যৌতুকের দাবিতে  স্বামী গলায় রশি পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে  হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত চায়না বেগম (৩৫) ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
জানা গেছে, প্রায় এক বছর আগে উপজেলার কশিগাড়ী গ্রামের আজিজুল হক প্রেমের সম্পর্ক গড়ে চায়না বেগমকে (৩৫) বিয়ে করেন। প্রসঙ্গত, চায়না বেগম আগের স্বামীর ঘর ছেড়ে আজিজুলকে বিয়ে করেন।
বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে চায়না বেগমের উপর শারীরিক নির্যাতন করতে থাকে স্বামী আজিজুল। একের পর এক বায়না ধরতে থাকেন স্ত্রীর কাছে। কয়েক দফা বায়না পরিশোধ করে স্ত্রী। এক পর্যায়ে কানের দুল বিক্রি করেও স্বামীকে খুশি রাখতে চায় স্ত্রী চায়না। কিন্তু আজিজুলের মন কোনোকিছুতেই ভরাতে পারে না স্ত্রী।
সর্বশেষ রবিবার রাত সাড়ে আটটার দিকে আজিজুল শ্বশুর বাড়িতে যায়। এ সময় চায়নার নামে জমি রয়েছে জানতে পেরে আজিজুল তা বিক্রি করে যৌতুক বাবদ টাকা দিতে বলে। কিন্তু রাজি না হলে আজিজুল হক উত্তেজিত হয়ে রশি দিয়ে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়। চায়না কোনা মতে তার হাত থেকে প্রাণে বেঁচে বাড়ি থেকে দৌঁড়ে পালিয়ে যায়।
 
এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।