ক্যাম্পাস দিয়ে মেট্রো রেলের চলাচলের পথ তৈরির পক্ষে-বিপক্ষের দুটি স্মারকলিপি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সোমবার দুপুর ১২টার দিকে পক্ষে মেট্রো রেলের পক্ষে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালি, বৈশাখী ও ক্ষণিকা ব্যবহারকারী শিক্ষার্থীরা। এরপর বিপক্ষে স্মারকলিপি দিয়ে আসে ছাত্র ইউনিয়ন নেতারা।
শিক্ষার্থীদের বাসভিত্তিক সংগঠনগুলোর কার্যনির্বাহী কমিটির ব্যানারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন হয়। এতে সরকার সমর্থক ছাত্রলীগের একাধিক নেতাকে দেখা গেছে। ‘সময় বাঁচাও-মেট্রো রেল দাও’,‘শিক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল চাই, ‘সময়মতো ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের জন্য মেট্রো রেল চাই’ স্লোগানের প্ল্যাকার্ড ছিল মানববন্ধনকারীদের হাতে।
মানববন্ধনের পর ক্ষণিকা বাসভিত্তিক সংগঠনের সভাপতি মুশিকুল হাসান ও সাধারণ মনিরুজ্জামান বাহার, বৈশাখী বাসের সভাপতি আসিফ নেওয়াজ ও সাধারণ সম্পাদক আমির জেবায়ের, চৈতালীর সভাপতি মো. মামুন মিয়া ও সাধারণ সম্পাদক মো হাসান রহমান উপাচার্য কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে লেখা ছিল, মেট্রো রেল উন্নয়নের এক নতুন দিগন্ত। এই প্রকল্পকে আমরা স্বাগত জানাই।
এদিকে, ‘প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেল চাই না’দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। পরে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সভাপতি লিটন নন্দী ও সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিকট স্মারকলিপি জমা দেন।