মাগুরায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

মাগুরা শহরে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে কয়েক যুবক। সোমবার দুপুরে শহরের চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহত আলী হোসেন মুক্তা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হেমায়েত হোসেন নামে এক যুবককে আটক করেছে। এদিকে হামলাকারীদের ধরতে শহরে মহড়া দিয়েছে ছাত্রলীগ। মহড়ার ছবি তুলতে গিয়ে তাদের হামলায় আহত হয়েছেন চ্যানেল নাইনের সাংবাদিক হেলাল হোসেন।
 
আলী হোসেন মুক্তা বলেন, দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী এলাকায় হেমায়েত ও খালিদ নামে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। দুজনই পরিচিত হওয়ায় তাদের নিবৃত্ত করি। এ ঘটনার কিছুক্ষণ পরই ডি মল্লিক বালিকা বিদ্যালয়ের সামনে রাহাবুলের নেতৃত্বে হেমায়েত, শিপলু, মনসুর, লিখনসহ কয়েকজন যুবক অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
 
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।