সাংবাদিক সিদ্দিকুরের ঘরে আগুন, কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার সিদ্দিকুর রহমানের গ্রামের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ঘর পোড়ানো একটি জঘন্য অপরাধ। এরসাথে যেই জড়িতদের কোনো ছাড় নেই।
 
সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের উপস্থিতিতে বরগুনার এসপিকে ফোন করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 

গত ১১ জানুয়ারি দিনগত রাতে বরগুনা জেলার আমতলী বাজারখালী এলাকায় সাংবাদিক সিদ্দিকুর রহমানের গ্রামের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এ ঘটনায় তার ছোট ভাই আসাদ মৃধা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আমতলী থানায় মামলা নং-২১। তারিখ ১৩/০১/১৬। মামলার আসামিরা হলেন -আল আমিন মৃধা, ইমরান মৃধা ইমু , মাইনুদ্দিন মোহন ও শাহ আলম।