রবীন্দ্র দর্শন ছড়িয়ে দিতে কাজ করেছেন শুভ্রা মুখার্জি : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির স্মরণ সভায় বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ছড়িয়ে দিতে শুভ্রা মুখার্জি কাজ করেছেন।
 
পররাষ্ট্রমন্ত্রী সোমবার সন্ধ্যায় রাজধানীর গণপূর্ত অধিদপ্তর মিলনায়তনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির স্মরণসভা ও বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
খুলনা বিভাগীয় সমিতি-ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে। শুভ্রা মুখার্জি ২০১৫ সালের ১৭ আগস্ট ভারতে পরলোকগমন করেন। অনুষ্ঠানে শুভ্রা মুখার্জির আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থণা করা হয়।
 
খুলনা বিভাগীয় সমিতি-ঢাকার সভাপতি প্রকৌশলী এম এ কুদ্দুসের সভাপতিত্বে স্মরণসভায় সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, শুভ্রা মুখার্জির ছোট ভাই কানাইলাল ঘোষ, খুলনা বিভাগীয় সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক বি এম সেলিম রেজা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মিঠু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সমিতির নেতা মো. আসাদুর রহমান ও লুৎফর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
 
শুভ্রা মুখার্জির ছোট ভাই কানাইলাল ঘোষ বলেন, শুভ্রা মুখার্জির পৈতৃক বাড়ি বাংলাদেশে। তিনি ২০১৫ সালের ১৭ আগস্ট ভারতে পরলোকগমণ করেন। ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন যশোর জেলায় (বর্তমানে নড়াইলের ভদ্রবিলায় ) জন্ম নেন তিনি। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর ২০১৩ সালে বাংলাদেশ সফরে এলে স্বামীর সঙ্গে শুভ্রা মুখার্জি নড়াইলে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।
 
আবুল হাসান মাহমুদ আলী শিক্ষাজীবনে স্নাতক পাস শুভ্রা মুখার্জি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভক্ত ছিলেন উল্লেখ করে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, তিনি (শুভ্রা মুখার্জি) রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি কবির নৃত্যনাট্যও পরিবেশন করেছেন অনেক দিন ধরে। এ জন্য ভারতের বিভিন্ন অংশের পাশাপাশি ঘুরেছেন ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে।
 
তিনি আরো বলেন, ‘কবিগুরুর গান ও নৃত্যনাট্যের দর্শনকে এগিয়ে নিতে শুভ্রা মুখার্জি প্রতিষ্ঠা করেন গীতাঞ্জলি নাট্যদল। এছাড়া, তিনি দুটি বই লিখেছেন। একটির নাম ‘চোখের আলোয়’, যেখানে লেখিকা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তগুলো বর্ণনা করেছেন। অন্যটি হলো ভ্রমণকাহিনি ‘চেনা অচেনায় চীন’।
 
পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শুভ্রা মুখার্জির স্মরণ সভার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শুভ্রা মুখার্জি অত্যন্ত সংস্কৃতমনা ব্যক্তি ছিলেন। তার স্বামী যখন ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন তখন তিনি একটি তানপুরা ও হারমোনিয়াম সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তিনি রবীন্দ্র সঙ্গীত খুব পছন্দ করতেন। তিনি চিত্র শিল্পীও ছিলেন।