এ বছরই মালয়েশিয়ার সঙ্গে এফটিএ স্বাক্ষরিত হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বছরই মালয়েশিয়ার সঙ্গে এফটিএ স্বাক্ষরিত হবে। তিনি এফটিএ স্বাক্ষর না হওয়া পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রদানের আহ্বান জানিয়েছেন।
 
মালয়েশিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী সোমবার কুয়ালালামপুরে সে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী মোস্তফা মোহাম্মেদের সাথে তার কার্যালয়ে বৈঠককালে এ সুবিধা চান। এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, গাড়ির ব্যাটারি, ভেজিটেবলসহ রফতানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের রফতানি বাড়বে। এ মুহুর্তে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। এবছরই এফটিএ স্বাক্ষর করা সম্ভব হবে।
 
বৈঠকে বাণিজ্যমন্ত্রী মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার আহ্বান জানান। এতে উভয় দেশের মধ্যে যাতায়াত সহজ হবে এবং বাণিজ্য বৃদ্ধি পাবে।