তামাক চাষ কমছে

কুষ্টিয়ার মিরপুরে কৃষকরা ঝুঁকছে লাভজনক সরিষা চাষের দিকে

দেশের হাতেগোনা কয়েকটি এলাকার মধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ‘বিষবৃক্ষ’ তামাক চাষের জন্য বিখ্যাত। কৃষি বিভাগের অনুৎসাহ সত্বেও দেশ স্বাধীনের বহু আগে থেকে শুরু হওয়া এই বিষবৃক্ষ তামাকের আবাদ স্বাধীনতা পরবর্তী অদ্যবধি মহামারী আকার ধারণ করেছে।
গত কয়েক বছর এই উপজেলার মোট আবাদী জমির প্রায় ৭৫ শতাংশ জমিতে তামাকের আবাদ হতো। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনা ও প্রচারণার ফলে গত ২ বছর যাবৎ তামাকের আবাদ আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। আর কমে যাওয়া তামাকের জমির একটি বড় অংশে এখন বিনা চাষে লাভজনক সরিষার আবাদ  হচ্ছে।
গত বছর এই উপজেলায় ৫৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হলেও চলতি বছর ৮২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেষ চন্দ্র ঘোষ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকেশ রঞ্জন পাল জানান, আগামী বছর সরিষা আবাদ আরো বৃদ্ধি পাবে। একইসঙ্গে আগামী বছর মৌবাক্স স্থাপন করে মৌচাষ সম্প্রসারনের মাধ্যমে সরিষার ফলন বৃদ্ধির পাশাপাশি মধু আহরণ করে মানবদেহের পুষ্টির চাহিদা পুরণের পরিকল্পনা রয়েছে।