বিএম কলেজের ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় বিএমপির (বরিশাল মেট্রোপলিটন পুলিশের) কনষ্টেবল আবিদ ও তার সহযোগী রনিকে ৩ দিনের রিামান্ডে নিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
গতকাল সোমবার চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. আলী হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন। কনষ্টেবল আবিদ পুলিশ লাইন্সের এএসএফ শাখায় কর্মরত ছিল। সে বাগেরহাটের শরনখোলা উপজেলার কুড়িয়াখালীর সোনাতলা গ্রামের মো. আ. হাকিমের ছেলে।
আবিদ ও তার সহযোগী রনি মিলে বিএম কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র এসএম আসিফ জামানকে অপহরণ, মুক্তিপণ দাবি ও গ্রহণ এবং ভয়ভীতি প্রদর্শণ করে মর্মে অভিযোগ এনে আসিফের পিতা মামলা দায়ের করেন।
১২ জানুয়ারী কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা জানান- আসিফের পিতা বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২ এর এজিএম মো. ওয়াহিদুজ্জামান মামলা করার পর কনস্টেবল আবিদকে সাসপেন্ড করে গ্রেফতার করা হয়।
সেইসঙ্গে রনিকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। প্রকৃত রহস্য ও মুক্তিপণ হিসাবে গ্রহণ করা মালামাল উদ্ধার, অপর জড়িতদের সম্পর্কে তথ্য আদায়ের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।