দেবীগঞ্জে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নৈশকোচের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে  উপজেলার সোনাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- ডোমার উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা স্বপন (৩৫)। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলায় চাকরি করতেন। অপরজন হলেন- দেবীগঞ্জ উপজেলার সোনহার এলাকার মাছ ব্যবসায়ী জাকিরুল (৪৫)।
 
জানা গেছে, সকালে সোনাহার এলাকা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী যাচ্ছিলেন স্বপন ও জাকিরুল। পথে মায়ের আঁচল নামে ঢাকা থেকে দেবীগঞ্জগামী একটি নৈশকোচ তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  
 
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। 
 
লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।