ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজির ইন্তেকাল

 
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) ইসলামী চিন্তাবিদ সৈয়দ আশরাফ আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার ভোর ছয়টার দিকে রাজধানীর ইডেন মাল্টিকেয়ার সেন্টারে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
মৃত্যুকালে আশরাফ আলীর বয়স হয়েছিল ৭৭ বছর। ফুসফুসে জটিলতা দেখা দেয়ায় দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
 
দুপুরে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে তার মরদেহ মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
 
কলকাতার সাবেক মেয়র ও ভারতের লোকসভার সাবেক সদস্য সৈয়দ বদরুদ্দোজা ও রাকিয়া বদরুদ্দোজার সন্তান সৈয়দ আশরাফ আলীর জন্ম ১৯৩৯ সালে।
 
কলকাতার সেইন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ শেষে ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানে এসে পাকিস্তান রেডিওতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি।
 
১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে চট্টগ্রামে স্বাধীন বাংলা বিপ্লবী বেতারকেন্দ্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখেন আশরাফ আলী।
 
ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা কয়েকটি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে নিয়মিত ইসলামবিষয়ক অনুষ্ঠান পরিচালনাও করেছেন তিনি।