শেবাচিম হাসপাতালের ২২৬ কর্মচারীর নিয়োগ স্থগিত

 
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২২৬ কর্মচারীর নিয়োগ স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম ফজলুল হক স্বাক্ষরিত স্মারক মঙ্গলবার হাসপাতালে পৌঁছেছে।
 
স্মারকে বলা হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। কমিটি নিয়োগে ব্যাপক অনিয়মের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এতে ২২৬ কর্মচারীর নিয়োগ স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে যেসব কর্মচারী হাসপাতালে যোগদান করেছেন, তাদের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে কাউকে যোগদান না করাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে স্মারকে।
 
এদিকে, বিষয়টি জানাজানি হলে আজ দুপুরে হাসপাতালের প্রধান গেটে বিক্ষোভ করেছে নিয়োগ স্থগিত হওয়া কর্মচারীরা। এসময় পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়া, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।