'সর্বহারা দলের' নেতা পরিচয়ে টাকা চেয়ে কারা সদর দপ্তরের ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ।
মঙ্গলবার চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার জানান, মঙ্গলবার দুপুরে ডিআইজি প্রিজন থানায় একটি জিডি করেছেন, যাতে তাকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
০১৬২৫-৫১৪২৮২ নম্বরের একটি মোবাইল ফোন থেকে মঙ্গলবার বেলা ১০টা ৫৬ মিনিটে এই হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন ডিআইজি প্রিজন ফজলুল হক।
তিনি বলেন, ফোনে একটি পুরুষ কন্ঠ থেকে নিজেকে সর্বহারা দলের নেতা মহীউদ্দিন বলে পরিচয় দিয়ে তাদের সংগঠনের জন্য টাকা দাবি করা হয়। এরপর কিছুক্ষণ নীরব থেকে আবারো বলা হয়, টাকা না দিলে কিভাবে টাকা আদায় করতে হয় জানি।
চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার জানান, হুমকি দেয়ার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।