ঢাকা বধির স্কুলকে জাতীয়করণ করা হবে : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় আনতে দেশের শ্রবণ প্রতিবন্ধীদের প্রধান প্রতিষ্ঠান ঢাকা বধির স্কুলকে জাতীয়করণ করার প্রক্রিয়া চলছে।
 
তিনি বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, সম্পদ। তাদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে হবে। ইতোমধ্যে প্রতিবন্ধীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
 
মঙ্গলবার সকালে ঢাকা বধির স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
স্কুলের সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুজতবা জামান পপি, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক জিল্লুর রহমান, জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ প্রমুখ।
 
রাশেদ খান মেনন বলেন, ঢাকা বধির স্কুলের ছেলেমেয়েরা পিছিয়ে নেই। তারাও লেখা-পড়া, নাচ-গান-চিত্রকলাসহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়ে চলেছেন। সরকার প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে কাজ করছে। এ লক্ষ্যে শ্রবণ প্রতিবন্ধীদের প্রধান প্রতিষ্ঠান ঢাকা বধির স্কুলকে জাতীয়করণ করার প্রক্রিয়া চলছে।