সুষ্ঠু অভিবাসনের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে —প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অভিবাসন ব?্যয় কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে। নিরাপদ ও সুষ্ঠু অভিবাসনের জন্য জনগণের কাছে তথ্য পৌঁছে দিতে হবে। এ জন্য ইউনিয়ন পর্যায়ে তথ?্য কেন্দ্রকে সম্পৃক্ত করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘শ্রম অভিবাসনের ক্ষেত্রে সুশাসন:অর্জন, অভিজ্ঞতা এবং কর্মপন্থা’ শীর্ষক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, বায়রার সভাপতি বেনজির আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিয়াইনেন প্রমুখ।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা গেলে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রবাসী কর্মীদের কল্যাণে সরকার সকল পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।