কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাদের হামলায় ওই পরিবারের আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত গোদা আ. হাকিম (৪৫) ওই গ্রামের মৃত বণিজ উদ্দিনের পুত্র।
মঙ্গলবার সকালে উপজেলার কর্পূরার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ফরিদুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করে জনতা পুলিশে দিয়েছে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী নুরজাহানের সঙ্গে প্রতিবেশী গোদা হাকিমের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে গত চারদিন ধরে নূরজাহান ঘর তৈরির কাজ করছিলেন। ওইদিন মঙ্গলবার সকাল নয়টার দিকে সেখানে গিয়ে গোদা হাকিম ঘরে তৈরিতে নুরজাহান বেগমকে আপত্তি জানায়। এ সময় প্রতিপক্ষ নুরজাহান (৪৫) ও তার লোকজন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধারে তার স্ত্রী আনোয়ারা (৪৫), ছেলে আহসান হাবীব (২২) ও কন্যা কাজলী (২৪) এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে আহত করা হয়। আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে গোদা হাকিমের মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।